ছেলের মুক্তির খবরে নাবিক সাব্বিরের বাবা বললেন, আজ আমার ঈদ

ঈদের তিন দিন আগে জিজ্ঞেস করেছিলাম- ছেলেকে ছাড়া ঈদ কেমন কাটবে? তিনি বলেছিলেন- একটুও ভালো কাটবে না, দুচিন্তায় আছি। আর ছেলে মুক্তি পাওয়ার পর বললেন, ঈদের দিন আমরা আনন্দ করতে পারি নাই। ছেলে কখন খুশির সংবাদ দেবে সেই অপেক্ষায় ছিলাম। আজ টিভিতে দেখলাম আমার ছেলেসহ সবাই মুক্তি পেয়েছে। এ কাথাটা টিভিতে শোনার পর মনে হচ্ছে আজকে আমাদের ঈদ। ছেলে সকালে ফোন করে বলে বাবা ভালো আছি, চিন্তা করো না। আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছিলেন নাবিক সাব্বিরের বাবা হারুন অর রশীদ।

নাবিক সাব্বিরের মুক্তির খবর শুনে তার পরিবারে খুশির বন্যা বইছে। সাব্বিরের বাসায় যেন আজ ঈদের আনন্দ লেগেছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া নাবিক সাব্বির হোসেনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ডাঙা ধলাপাড়া গ্রামে।

সাব্বিরের মা সালেহা বেগম বলেন, সাব্বিবের সঙ্গে কথা হয়েছে। বলেছে- মা চিন্তা করো না, আমরা মুক্তি পেয়েছি, সবাই ভালো আছি। এ কথা শোনার পর মনটা ভরে গেল। ঈদের দিন আনন্দ করতে পারি নাই ছেলের চিন্তায়। একটা মাস কিভাবে কেটেছে তা বলতে পারব না। আজ যখন ছেলে ফোন দিয়ে বলল মুক্তি পেয়েছি তখন মনে হলো আজ আমার ঈদ। ছেলেকে কাছে পেলে আনন্দটা আরও বেড়ে যাবে।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, এখনও সাব্বিরের পরিবারের সাথে কথা হয়নি। তবে নাবিকদল মুক্তি পেয়েছে এটা শুনেছি।