১৯৫১ সালের ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মণ। তার জন্ম ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের এক জেলে পরিবারে। ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে তার জীবন চরম দারিদ্র্যের মধ্যে অতিবাহিত হয়। গ্রামের মাইনর স্কুলে তার পড়াশোনা শুরু হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৩৩ সালে ম্যাট্রিক পাস করে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। কিন্তু দারিদ্র্যের কারণে পড়াশোনা চালাতে না পেরে তাকে কর্মজীবনে প্রবেশ করতে হয়। স্কুলে ছাত্র থাকা অবস্থায়ই তার গল্প, কবিতা ও প্রবন্ধ সুধীসমাজের প্রশংসা অর্জন করে। চল্লিশের দশকে ‘এক পয়সায় একটি’ শীর্ষক ধারাবাহিকে লিখে তিনি পাঠকসমাজে বিশেষ পরিচিতি লাভ করেন। তার উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম’ মাসিক মোহাম্মদীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এ উপন্যাসের জন্যই তিনি সাহিত্য জগতে খ্যাতি অর্জন করেন। জীবিকার সন্ধানে তিনি ১৯৩৪ সালে কলকাতায় যান। মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। পরে তিনি নবশক্তি পত্রিকায় যোগ দেন। তিনি মোহাম্মদী, আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন। ১৯৪৫ সালে তিনি দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। মাঝে কিছুদিন উপার্জন বৃদ্ধির উদ্দেশ্যে তিনি বিশ্বভারতীর প্রকাশনা শাখায় খণ্ডকালীন চাকরি করেন। এ ছাড়া ‘নয়া বসত’, ‘রামধনু’, ‘দু রঙা প্রজাপতি’, ‘সাদা হাওয়া’, ‘দলবেঁধে’, ‘সাগরতীর্থে’, ‘রাঙামাটি’ ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনা। চিরকুমার অদ্বৈত মল্লবর্মণের জ্ঞানতৃষ্ণা ছিল প্রবল। উপার্জিত অর্থের বিরাট অংশ তিনি গ্রন্থ সংগ্রহে ব্যয় করেন।