শ্রীপুরে জামালপুর কমিউটার ট্রেন বিকল

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে একটি ট্রেন বিকল হয়ে পড়ে আছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ৪৭ আপ এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢুকেই বিকল হয়ে যায়। এতে আঞ্চলিক একটি সড়কের দুপাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রাত সাড়ে নয়টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি। কর্তৃপক্ষ বলছে- উদ্ধারকারী ট্রেনকে খবর দেওয়া হয়েছে। তবে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগবে। তবে অন্য সব ট্রেন বিকল্প লাইনে চলাচল করছে।

ট্রেনে থাকা যাত্রীরা জানান, স্টেশনে ঢুকে হঠাৎ ট্রেন বিকল হয়ে যাওয়ায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে শিশু ও নারীদের চরম কষ্ট সহ্য করতে হচ্ছে। ঈদের ছুটির কারণে ট্রেনে যাত্রীর বেশ চাপ রয়েছে।

শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার এস এম শফিকুল ইসলাম জানান, বিকল ট্রেনটি সারিয়ে তোলার চেষ্টা চলছে। এ ছাড়া ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন (রিলিফ ট্রেন) রওনা হয়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে দ্রুত ট্রেনটি সচল হবে আশা করছি।