সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার জবাবে গত শনিবার গভীর রাতে শত শত মিসাইল ও ড্রোন দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মত হামলা চালায় ইরান।
ইরানের এই নজিরবিহীন হামলার প্রতিবাদে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছে ইসরায়েল। আর ইসরায়েলের অনুরোধের ভিত্তিতে ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।
ইরানের হামলার জবাবে প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে বিরত রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচিকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে এবং আশা করছে তার মিত্ররা তা অনুসরণ করবে।
এর আগে ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছিলেন যে, যুক্তরাষ্ট্র ইরানের "ক্ষতিকর ও অস্থিতিশীল কার্যকলাপ" ব্যাহত করতে নিষেধাজ্ঞা আরোপ করবে এবং মিত্রদের সাথে কাজ করবে।
তিনি জানান, ইরানের "সন্ত্রাসবাদী অর্থায়ন" ব্যাহত করার সমস্ত বিকল্প তাদের টেবিলে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভিডিও কনফারেন্সের পর ইইউর পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক বক্তৃতায় বলেন, কিছু সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রসারিত করার জন্য অনুরোধ করেছে। ইইউ প্রস্তাবটি নিয়ে কাজ শুরু করবে।
ইসরায়েলি সরকারের এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলে যুদ্ধ মন্ত্রিসভার অধিবেশন বিশদ বিবরণ ছাড়াই বুধবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইরানে পাল্টা হামলা বা বিকল্প নির্ধারন করতে বুধবার আবারও বৈঠকে বসছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা।
এর আগে ইসরায়েলের সামরিক চিফ অফ স্টাফ হার্জি হালেভি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইসরায়েলে ইরানের হামলার প্রতিক্রিয়া অবশ্যই দেওয়া হবে। তবে পাল্টা হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যদিও গত শনিবার ইরানের হামলার সময় ইসরায়েল ও তার মিত্রদের বিমান প্রতিরক্ষা এবং পাল্টা ব্যবস্থার কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই হামলা মধ্যপ্রাচ্যেজুড়ে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে। যার মধ্যে মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইরান ও ইসরায়েল।