‘আইপিএলের খেলোয়াড়রা মোস্তাফিজের থেকে শিখবে, ওর শেখার কিছু নেই’

আইপিএলে দূরন্ত ছন্দে থাকা মোস্তাফিজুর রহমানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলা না খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। প্রথমে ৩০ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল বাংলার কাটার মাস্টারের। পরে আরও ১ দিন তা বাড়ায় বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস আজ মিরপুরে কথা বলেছেন এ ব্যাপারে।

মোস্তাফিজের ব্যাপারে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মোস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। তার শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।'

এ মাসের শেষে জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে। জালাল বলেন, ‘মোস্তাফিজকে ফেরানো শুধু জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য না। আমাদের চিন্তা হচ্ছে, মোস্তাফিজের স্বাস্থ্য। তার ফিটনেস। সেখানে তারা চাইবে, মোস্তাফিজের থেকে শতভাগ নিতে। তার ফিটনেস নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমাদের আছে। আমাদের ক্রিকেটারদের আমাদেরই দেখে রাখতে হবে।’ 

কোচদের প্রসঙ্গে জানান, ‘প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসবেন ২১ এপ্রিল। বেশিরভাগ কোচ ২২-২৩ তারিখের মধ্যে চলে আসবেন। এরই মধ্যে দেখেছেন স্ট্রেংথ ট্রেনিং ও কন্ডিশনিং কোচ চলে এসেছেন। জিম্বাবুয়ে সিরিজের আগে আমাদের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদের চলে আসার কথা। আশা করি, জিম্বাবুয়ে সিরিজের আগেই চলে আসবেন। বাকি যারা আছেন, তারাও ২৩ এপ্রিলের মধ্যে চলে আসবেন।’

মুশতাক আহমেদের নিয়োগ সম্পর্কে ক্রিকেট অপস চেয়ারম্যান বলেন, ‘তাকে আমরা এখন নিয়ে এসেছি জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্বকাপ মাথায় রেখে। কিন্তু আলাপ-আলোচনা হয়েছে দীর্ঘ মেয়াদের জন্যই। যাতে আমরা দীর্ঘ সময়ের জন্য বেনিফিট পেতে পারি। দেশে লেগ স্পিনারদের সংকট মেটাতে ট্যালেন্ট হান্ট করা যেতে পারে। মুশতাক আহমেদ আসার পর তরুণরা অনুপ্রাণিত হতে পারে, কারণ তার কাছে থাকলে নিশ্চিতভাবেই অনেক পরামর্শ পাওয়া যাবে। তার এত অভিজ্ঞতা, বিশ্বকাপের অভিজ্ঞতা, নিজের অভিজ্ঞতা, কোচিং ও খেলোয়াড়ি অভিজ্ঞতা মিলে সে একটা ভিন্ন পরিবেশ তৈরি করতে পারবে। সুতরাং এটা একটা বিগ হেল্প হবে। এই সাপোর্টটার জন্য হয়তো আমরা কিছু লেগ স্পিনার পেতে পারি।’

তামিম ইকবালের দলে ফেরা প্রসঙ্গেও কথা বলেন জালাল। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপনের সঙ্গে তামিম ইকবালের আলাপের পরেই ফেরার ব্যাপারে তথ্য জানা যাবে বলে জানান তিনি।