এবার লেবানন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ছয়টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তবে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের যেসব স্থান থেকে হামলা চালানো হয় সেসব স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মঙ্গলবার রাতে দক্ষিণ লেবাননের খিয়াম, মনসুরি, আলমা এল ছায়েব এবং ইয়াটারসহ বেশ কয়েকটি হিজবুল্লাহ অবস্থানে আঘাত হেনেছে তারা।
এ সময় ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর দুই কমান্ডারসহ তিনজন নিহতের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে গতকাল মঙ্গলবার এই বিমান হামলা চালানো হয়। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এক বিবৃতিতে আইডিএফ জানায়, ‘রাদওয়ান বাহিনীর পশ্চিমাঞ্চলের রকেট ও ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মুহাম্মদ হুসেইন শাহৌরি দক্ষিণ লেবাননের কাফার দোনিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।‘
আইডিএফ আরও জানায়, ‘হিজবুল্লাহর রকেট ও মিসাইল ইউনিটের একজন অপারেটিভ মাহমুদ ইব্রাহিম ফাদলাল্লাহও একই বিমান হামলায় নিহত হয়েছেন।
এর আগে, আইডিএফ এক পৃথক বিবৃতিতে বলেছিল, তাদের বিমান হামলায় দক্ষিণ লেবাননের আইন এবেল এলাকায় হিজবুল্লাহর উপকূলীয় সেক্টরের কমান্ডার ইসমাইল ইউসুফ বাজ নিহত হয়েছেন।
সিএনএন বলছে, তিন যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ, তবে তাদের পরিচয় প্রকাশ করেনি সশস্ত্র সংগঠনটি।