বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বিএসএমএমইউ পরিবারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

এ সময় উপাচার্য বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার হলো ঐতিহাসিক মুজিবনগর সরকার। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় দিন। আসুন ঐতিহাসিক দিনে আমরা শপথ করি, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমারা সবাই ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে নেব এবং জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করব।

এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), বিএসএমএমইউ এর পক্ষ থেকেও একই সাথে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জাতীয় এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিএসএমএমইউ স্বাচিপ এর সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, বিভিন্ন স্তরের কর্মকর্তা, নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।