গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিচালক নিহত হয়েছেন। আজ বুধবার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজিচালক আবু বক্কর (৩০) কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের মাসুদ রানার ছেলে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুরগামী একটি বাসের সঙ্গে পাকুন্দিয়াগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সিএনজিতে চালক একাই ছিলেন। মুখোমুখি সংঘর্ষের পর চালক ভেতরে আটকে যায়। ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে সিএনজিতে আটকে থাকা চালককের মৃত অবস্থায় উদ্ধার করে।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ভোর ছয়টায় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিএনজির ভেতর থেকে সিএনজি চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে মৃতদেহ টোক পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করেন।
কাপাসিয়ার টোক পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ উপ-পরিদর্শক সুজন রঞ্জন তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপরদিকে বাসের চালক দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যান। সিএনজি ও বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।