মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে লসনা এলাকায় যাত্রীবাহী আলম এশিয়া বাসের সঙ্গে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সিএনজির ভেতর থেকে তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। নিহতদের সবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনও কোনো স্বজন হাসপাতালে আসেননি। পুলিশকে মরদেহ হস্তান্তর করা হবে।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দুর্ঘটনার পরপরই সিএনজিতে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।
এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।