চেষ্টার কমতি রাখেননি পেপ গার্দিওলা। জেতার জন্য সম্ভাব্য সবকিছুই করেছেন। তবু ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রকারে হেরে বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে।
অবশ্য এই হার নিয়ে কোনোরকম অনুশোচনা নেই সিটি কোচের। টাইব্রেকারে লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া বার্নার্দো সিলভা ও মাতেও কোভাচিচেরও পাশে দাঁড়িয়েছেন তিনি।
ইতিহাদে ম্যাচের অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোলে সমতায় ছিল দুই দল। এর আগে প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। গতকাল নিজেদের মাঠ ইতিহাদে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল সিটিজেনরা। ৩৩টি শট নিয়ে গোলমুখে রাখতে পেরেছে ৯টি।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমরা যা করেছি তা নিয়ে কোনো অনুশোচনা নেই। সব সময় বেশি বেশি সুযোগ তৈরির চেষ্টা করেছি। কারণ এভাবে জেতা যায় বলে বিশ্বাস করি এবং আমরা সব রকম চেষ্টাই করেছি। প্রতিটি বিভাগেই আমরা দারুণ খেলেছি কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি।’
টাইব্রেকারে সিলভা ও কোভাচিচের শট রুখে দেন রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিন। গার্দিওলা বলেন, ‘বার্নার্দো (টাইব্রেকারে) শট নিতে চেয়েছিল। সে নির্ভরযোগ্য খেলোয়াড় এবং ওভাবেই শটটি নেওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যাচে সে দারুণ খেলেছে! কিন্তু এমনটি হতেই পারে।’
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ে টানা দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বপ্ন পূরণ হলো না সিটির। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬ ম্যাচ বাকি থাকতে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে গার্দিওলার দল। শনিবার এফএ কাপ সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে সিটিজেনরা।