সিডনির গির্জায় ছুরিকাঘাত: হামলাকারীকে ক্ষমা করলেন বিশপ

অস্ট্রেলিয়ার সিডনিতে গত সোমবার সন্ধ্যায় গির্জায় প্রার্থনা চলাকালে ছুরি দিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটে। সিডনির ওয়াকলি এলাকার একটি গির্জায় এ হামলায় বিশপসহ কয়েকজন আহত হন।

তবে এ ঘটনায় অভিযুক্ত হামলাকারীকে ক্ষমা করার কথা জানিয়েছেন আহত বিশপ মার মারি ইমানুয়েল। এছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশপ ইমানুয়েলের চার মিনিটের একটি অডিও প্রকাশ করে গির্জা কর্তৃপক্ষ। ভিডিওতে বিশপ বলেন, ‘যে এই কাজ করেছে তাকে আমি ক্ষমা করে দিব। আমি সবসময় তোমার (হামলাকারী) জন্য প্রার্থনা করব এবং যে তোমাকে হামলা করতে পাঠিয়েছে, আমি তাদেরও ক্ষমা করে দিব।‘

অডিও বার্তায় বিশপ আরও বলেন, ‘আমি খুব দ্রুত সুস্থ হয়ে উঠছি। উদ্বিগ্ন হওয়ার দরকার নেই।‘

এদিকে পুলিশ জানিয়েছে গির্জায় হামলাটি ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী কাজ ছিল।

বিশপের উপর হামলার ঘটনায় একজন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে পুলিশ পাহারায় হাসপাতালে রয়েছে।

গির্জায় হামলার পর বিক্ষুব্ধ জনতা গির্জার বাইরে বিক্ষোভ শুরু করে হামলাকারীকে তাদের কাছে হস্তান্তরের দাবিতে। বিক্ষোভের ফলে প্রায় ৫০ জন কর্মকর্তা আহত এবং ২০টি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ বিক্ষোভের বিষয়ে তদন্ত করতে গোয়েন্দাদের নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সোমবার সন্ধ্যায় সিডনির শহরতলি ওয়েকলির ‘খ্রিষ্ট দ্য গুড শেফার্ড চার্চ’ গির্জায় সন্ধ্যা সাতটার দিকে ছুরি হামলার ঘটনা ঘটে। গির্জায় স্বাভাবিক সময়ের মতো বিশপ মার মারি ইমানুয়েল প্রার্থনা পরিচালনা করছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁর দিকে স্বাভাবিকভাবে হেঁটে এগিয়ে হঠাৎ পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়িভাবে বিশপকে কোপাতে থাকেন।

এ সময় সেখানে উপস্থিতি চারজন প্রার্থনাকারী হামলা ঠেকাতে গিয়ে জখম হন। পরবর্তীতে সেই হামলার ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।