টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলে বিরাট কোহলির জায়গা পাওয়া নিয়ে উঠেছিল প্রশ্ন। তবে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। ৭ ম্যাচে ১ সেঞ্চুরি ও ২ অর্ধশতকে ৭৯.৩৪ গড়ে ৩৬১ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৭.৩৪।
বড় কোন অঘটন না হলে কোহলি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকছেন তা নিশ্চিত। কোহলি বেঙ্গুলুরুর হয়ে খেলছেন ওপেনার হিসেবে।বিশ্বকাপেও ওপেনার হিসেবে খেলবেন তিনি। দৈনিক জাগরণ সূত্রে ভারতের একাধিক গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির স্ট্রাইক রেট ১৬১। নির্বাচকরাও চান কোহলিকে ওপেনার হিসেবে খেলাতে। মুম্বাইয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং নির্বাচক অজিত আগারকারের মধ্যে আলাপে এমন সম্ভাবনার কথা বলা হয়েছে।
জাতীয় দলে সাধারণত তিনে খেললেও কোহলির ওপেনার হিসেবে পরিসংখ্যানটা ঈর্ষণীয়। ৯ টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে নেমে ৪০০ রান করেছেন তিনি। ওপেনার হিসেবে কোহলির গড় ৫৭। আর স্ট্রাইক রেট ১৬০ এর বেশি।