বগুড়া সদরে হরিবাসর দেখতে এসে বন্ধন সরকার (০৫) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করেছে তার নানা।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শশীবদনী হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের শিশু বন্ধন সরকার সদরের পীরগাছা এলাকার রবি দাসের ছেলে। বেলা আড়াইটার দিকে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত নানা সুকুমার দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুকুমার শশীবদনী হিন্দুপাড়া এলাকার ঝুমুর দাসের ছেলে। তিনি এলএলবি শেষ বর্ষে পড়াশোনা করতেন। সুকুমার দাস নিহত শিশু বন্ধন সরকারের মায়ের মামা। অর্থাৎ সম্পর্কে তিনি বন্ধন সরকারের নানা হন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী, প্রতিবেশী ও নিহতের আত্মীয়রা জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে ওই এলাকায় হরিবাসর শুরু হয়। এ উপলক্ষে বন্ধন সরকার মায়ের সাথে মায়ের মামার বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে শুনি কাঁচি দিয়ে গলা কেটে বন্ধনকে হত্যা করেছে সুকুমার। সুকুমার না পালিয়ে গিয়ে ওই ঘরের মধ্যেই লুকিয়ে ছিল। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
নিহত বন্ধনের বন্ধুর মা বলেন, এক সাথেই আমরা হরিবাসরে আসছিলাম। আজ হরিবাসর শেষ করে বাড়িতে যাওয়ার কথা। হরিবাসরে বসে থাকা অবস্থায় শুনি বন্ধনকে তার নানা সুকুমার গলা কেটে হত্যা করেছে।
পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়েছে। সেখান থেকে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড এখনও জানতে পারিনি। ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুকুমারকে গ্রেপ্তার করেছি।