সন্ধ্যায় ঢাকা মাতাবেন আতিফ আসলাম

দ্বিতীয়বারের মতো ঢাকায় এসেছেন উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। একটি কনসার্টে অংশ নিতে গতকাল বিকেলের একটি ফ্লাইটে ঢাকায় পোঁছান এই গায়ক।

আজ শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অংশ নেবেন তিনি। বিকেল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। গানে গানে মাতিয়ে তুলবেন সন্ধ্যার আসর।

গান শোনানোর পরে বিশ্রাম শেষে তিনি আগামীকাল শনিবারের ফ্লাইটে আবার পাকিস্তানে ফিরে যাবেন বলে জানালেন আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশন।

প্রতিষ্ঠানটির সিইও রেজওয়ান বলেন, ‘আগেই কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। আমরা টিকিট সর্বসাধারণের জন্য উন্মুক্ত রেখেছিলাম। আশা করছি, সবাই সুন্দর একটি কনসার্ট উপভোগ করতে পারবে।’

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। দীর্ঘ ১১ বছর পর আবারও ঢাকায় পা রাখলেন বলিউডের জনপ্রিয় এই গায়ক। চলতি বছরই তিনি সংগীত ক্যারিয়ারে ২০ বছর পূর্ণ করবেন।