কৃষকদের সঙ্গে ধান কাটলেন কৃষিমন্ত্রী

সুনামগঞ্জের দেখার হাওরে কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। সেই সঙ্গে দ্রুত ধান ঘরে তুলতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও কৃষকদের তাগিদ দিয়েছেন তিনি।

আজ শুক্রবার সুনামগঞ্জের দেখার হাওরে এসে গলায় গামছা পরে ও কৃষকদের প্রচলিত তালপাতার গোল ছাতা মাথায় দিয়ে কাস্তে হাতে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে কম্বাইন্ড হারভেস্টারে চড়ে কৃষিমন্ত্রী ধান কাটার কলাকৌশল দেখেন। ধান কাটা শেষে পাকা ধানের কাটা মুঠ হাতে নিয়ে ছবি তোলেন।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ধানের দাম নির্ধারণের জন্য আগামী রবিবার আমাদের সভা হবে। খাদ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় সে দিকে লক্ষ রাখা হবে। কৃষকরা যাতে ধান চাষে উৎসাহিত হয় সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে। এ বছর খাদ্য উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে দুই কোটি বাইশ লক্ষ মেট্রিক টন।

সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের দেখার হাওরপাড়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মলয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মন্ত্রী আরও বলেন, ধানের দামে যেন মধ্যসত্ত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃত কৃষকরাই যেন সঠিক দামে যেন ধান বিক্রি করতে পারে সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখতে হবে। ধান বিক্রিতে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয় সে ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের লক্ষ্য রাখতে হবে।