এ বছর সারের আমদানি বাড়ানো হবে: কৃষিমন্ত্রী

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করতে এ বছর সারের আমদানি বাড়ানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বুধবার (৪ নভেম্বর) রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে রাজশাহী বিভাগের সার, বীজ, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে যতটুকু সারের প্রয়োজন হবে, সরকার তা সরবরাহ করবে। কোনো অবস্থাতেই কৃষক যাতে সারের সংকটে না পড়েন, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। বর্তমানে দেশে গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি সার মজুত রয়েছে। ফলে দেশে সারের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও সংকটের আশঙ্কা নেই।

সারের পাচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন মন্ত্রী। সার ডিলারদের বরাদ্দ অনুযায়ী সময়মতো সার উত্তোলনের নির্দেশ দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে সার উত্তোলন না করলে সংশ্লিষ্ট ডিলারকে খেলাপি হিসেবে চিহ্নিত করতে হবে। ডিলারশিপ ভাড়া দেওয়া বা অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃষকের সুবিধার্থে মৌসুমে সকাল ৯টার মধ্যে সার বিক্রির দোকান খোলার এবং বিকেল ৫টা থেকে ৬টার আগে বন্ধ না করার নির্দেশনাও দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নতুন ফসলের আবাদ ও কৃষি কার্যক্রম সম্প্রসারণের ফলে সারের চাহিদা বাড়লে সরকার প্রয়োজনীয় সার সরবরাহ করবে। তবে জমির উর্বরতা ও উৎপাদন ব্যয় বিবেচনায় কৃষকদের সুষম ও পরিমিত সার ব্যবহারে সচেতন করতে কৃষি কর্মকর্তাদের মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম জোরদার করতে হবে। মাছ চাষে সার ব্যবহারের ক্ষেত্রেও মৎস্য কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজশাহী জেলায় আদা, টমেটো ও কাঁচা মরিচের চাষ সম্প্রসারণের নির্দেশনা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, এসব ফসলের উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনারের (ভারপ্রাপ্ত) দায়িত্বে থাকা মো. রেজাউল আলম সরকার। এতে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বক্তব্য দেন। সভায় রাজশাহী বিভাগের সব জেলার জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকেরা অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত