রিয়াল মাদ্রিদের কাছে চ্যাম্পিয়নস লিগ পরাজয়ের ধাক্কা কাটিয়ে তিন দিনের ভেতর আরেকটি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিফাইনালে চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়নরা।
গতবারের কোয়াড্রোপল শিরোপা জয়ীর সামনে এখন প্রিমিয়ার লিগ আর এই এফএ কাপ শ্রেষ্ঠত্ব ধরে রাখার সুযোগ। কভেন্ট্রি সিটি-ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় সেমিফাইনাল জয়ীর সঙ্গে ফাইনাল খেলবে সিটি।
ওয়েম্বলিতে রাতে চেলসিকে সেমিফাইনালে ১–০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের মতো দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশকে উঠিয়ে জেরেমি ডকুকে নামান গার্দিওলা। ৮৪ মিনিটে এই ডকুর বাড়ানো বল চেলসির বক্সের ভেতর ধরে আড়াআড়ি পাস করেন কেভিন ডি ব্রুইন। সেটি গোলকিপার পেত্রোভিচ পা দিয়ে রুখতে চাইলে্রও পারেননি। বল চলে যায় সিলভার কাছে। জোরালো শটে বল জালে জড়িয়ে সিটি উচ্ছ্বাসে ভাসান এই পর্তুগিজ উইঙ্গার।
শেষ দিকে জয়ের গোলটা সিটি করলেও ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েছিল চেলসি। প্রথমার্ধে সিটি বলের দখলে এগিয়ে থাকলেও লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি। কিন্তু ওই সময় চেলসির লক্ষ্যে শট ছিল ৩টি।