চমকের নাম শাইনপুকুর আর রুয়েল

লেস্টার সিটির রূপকথার গল্পটা অনেকেরই জানা। আগের মৌসুমে যে ক্লাবটা মৌসুম শেষ করেছিল পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে, একটা সময়ে পড়েছিল অবনমনের শঙ্কায়; পরের মৌসুমে তারাই জিতে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। শাইনপুকুর ক্রিকেট ক্লাব কি এরকম কিছু করতে পারবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে? গত মৌসুমে শাইনপুকুর খেলেছে রেলিগেশন লিগ, অল্পের জন্য বেঁচে গিয়েছে অবনমন থেকে। এবারের মৌসুমে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শাইনপুকুর আছে পয়েন্ট টেবিলের দুইয়ে। পেছনে ফেলেছে মোহামেডান, শেখ জামালের মতো ঐতিহ্যবাহী এবং সাবেক চ্যাম্পিয়নদেরও। ব্যাটিংয়ে ভালো সময়ের ইঙ্গিত দিচ্ছেন গ্রুপ পর্বে ৫৮৫ রান করা প্রাইম ব্যাংকের তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। তবে চমক পেসার রুহেল মিয়ার, গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই পেসার ১১ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট।

ইমন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতরানের ইনিংসটা তার। জাতীয় দলের আশপাশে ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকও হয়েছে। এ রকম একজন ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে রান করবেন সেটা প্রত্যাশিত। বরং জাতীয় দলের খেলা থাকায় কিছু ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও কমে গেছে। প্রাইম ব্যাংকের হয়ে ১১ ম্যাচের ১১ ইনিংসে ৫৮৫ রান ইমনের। সেঞ্চুরি ৩টি, হাফসেঞ্চুরি ২টি। স্ট্রাইক রেট ৯০ আর গড় ৫৩, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এই পারফরম্যান্সকে চমৎকার না বলার কোনো কারণ নেই। তিন সেঞ্চুরি মোহামেডান, ব্রাদার্স ও সিটি ক্লাবের বিপক্ষে। সুপার লিগেও রান করার আশা ইমনের, তবে বাদ সাধছে গরম, ‘এই গরমে ব্যাটিং করাটা কঠিন। হেলমেট, প্যাড পরে লম্বা ইনিংস খেলতে একটু সমস্যাই হয়। তবে পেশাদার ক্রিকেট খেলতে যখন এসেছি এটুকু সমস্যা তো সহ্য করে নিতেই হবে।’ ঢাকা লিগে রান করে মৃতপ্রায় ক্যারিয়ার পুনর্জীবিত করেছেন এনামুল হক বিজয়। এবারের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে জাতীয় দলে ফেরার দাবিটা জোরালো করতে কতটা মরিয়া ইমন এমন প্রশ্নে জানালেন, ‘আমি আসলে মাথায় কোনো টার্গেট নিতে চাচ্ছি না। আমি রান করে যেতে চাই। সুপার লিগে ভালো করতে চাই। বাকিটা নির্বাচকরা দেখবেন।’

লিগ টেবিলের পাঁচে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের রুয়েল মিয়া ১১ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ২ বার, সেরা বোলিং ১৮ রানে ৫ উইকেট। সুপার লিগে গাজীর প্রথম দুই প্রতিপক্ষ শাইনপুকুর আর আবাহনী, রুহেল কি পারবেন উইকেটের ধারাটা ধরে রাখতে নাকি তাকে ছাড়িয়ে যাবেন ৮ ম্যাচে ১৯ উইকেট নেওয়া রিশাদ হোসেন, জাতীয় দলের ম্যাচের কারণে যার ম্যাচসংখ্যা কমে গেছে লিগে।

দলীয় পারফরম্যান্সে লিগে চমক দেখিয়েছে শাইনপুকুর। গত আসরে অবনমন বাঁচানো ক্লাবটি এইবার পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে সুপার লিগে। শাইনপুকুরের কোচ তালহা জুবায়ের জানান, ‘গত বছর রেলিগেশন খেলেছি, দলটা বদল করেছি, তবে গত বছর আমাদের দলটা এত খারাপ ছিল না। আমরা দল হিসেবে পারফর্ম করতে পারিনি। গত বছর থেকেই আমাদের পরিকল্পনা ছিল যে আমরা এমন একটা দল গড়ব যে ভালো একটা দল গড়ে আমরা যেন সুপার লিগে উঠতে পারি, রেলিগেশনের টেনশনে আমাদের যেন না থাকতে হয়। শাইনপুকুরের ইতিহাসে (এইবার) সবচেয়ে ভালো দল আমরা গড়েছি আমি বলব। দলে জুনিয়র সিনিয়র তরুণ অভিজ্ঞ সব রকমের ক্রিকেটার আছে। সত্যি কথা বলতে প্রত্যাশার চেয়ে ভালো আমরা খেলে ফেলেছি। দ্বিতীয় হয়ে আমরা উঠেছি, আবাহনীর পরেই আমাদের অবস্থান। চেষ্টা করব সুপার লিগটা যেন ভালোভাবে শেষ করতে পারি’ গণমাধ্যমকে বলেছেন সাবেক এই পেসার।

শাইনপুকুর চমকে দিলেও সুপার লিগে উঠতে পারেনি মাশরাফী বিন মোর্ত্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। অল্পের জন্য অর্থাৎ সপ্তম হওয়াতে তাদের খেলা হচ্ছে না সুপার লিগে। মাশরাফী লিগে নিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিলেও পরের দিকে আর খুব একটা উইকেট পাননি, ৮ ম্যাচে মোট ৪৬ ওভার বল করে মাশরাফী নিয়েছেন ৯ উইকেট। চলতি লিগে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচটা তার এই মৌসুমে লিগের শেষ ম্যাচ। আগামীতে ৪১ বছর বয়সী মাশরাফী যদি রাজনৈতিক দায়িত্ব ও শারীরিক অবস্থার কারণে মাঠে ফিরতে না পারেন তাহলে এটাই হয়তো হয়ে থাকবে লিগে তার শেষ উপস্থিতি।

শেখ জামাল সুপার লিগে উঠলেও সাকিব আল হাসান আর খেলবেন না লিগে, জানা গেছে ক্লাব সূত্রে। তাই প্রাইম ব্যাংকের সঙ্গে সুপার লিগের ম্যাচ সাকিব-তামিম মুখোমুখি হওয়ার সম্ভাবনাটাও নেই। ১১ ম্যাচ খেলে ১১টিতেই জয়ী আবাহনীকে ধরাছোঁয়া কঠিন, তবে রানার্স আপের লড়াইটা হবে জোরালো, কারণ পরের তিন ক্লাবেরই পয়েন্ট ১৬ করে।