মোহামেডানের আটে দিয়াবাতের পাঁচ

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল মোহামেডান। শনিবার ময়মনসিংহ স্টেডিয়ামে তলানিতে থাকা ব্রাদার্সকে ৮-০ গোলে হারিয়েছে সাদা-কালোরা। দলটির মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে একাই করেছেন পাঁচ গোল। প্রায় দশ বছর পর প্রিমিয়ার লিগে এক ম্যাচে একজনের পাঁচ গোলের দেখা মিলল। চলতি লিগে দিয়াবাতের এটি প্রথম হ্যাটট্রিক। প্রথম পর্বেও ব্রাদার্সের বিপক্ষে তিনি করেছিলেন জোড়া গোল। রাজশাহীতে দিনের অপর ম্যাচে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ফর্টিস ফুটবল ক্লাবের বিপক্ষে পেয়েছে ১-০ গোলের কষ্টার্জিত জয়। আর মুন্সীগঞ্জে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল মোহামেডান। শনিবার ব্রাদার্সকে গোল বন্যায় ভাসিয়ে তাদের সংগ্রহ এখন ১২ ম্যাচে ২৬ পয়েন্ট। কাল ফর্টিসকে হারিয়ে সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে কিংস। তিনে থাকা আবাহনীর চেয়ে চার পয়েন্টে এগিয়ে মোহামেডান। আর তিন পয়েন্ট নিয়ে ব্রাদার্স আবারও শীর্ষ লিগ থেকে অবনমনের অপেক্ষায়।

এর আগে এই ব্রাদার্সকেই ৭-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস। সেটিই ছিল এই লিগে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। সেটাকে পেছনে ফেলতে মোহামেডানের ঘরের ছেলে দিয়াবাতে আরেকবার বিস্ফোরিত হলেন। তাতে সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবাইকে ছাড়িয়ে গেলেন। এখন তার গোলসংখ্যা ১৩। দুইয়ে থাকা আবাহনীর স্টুয়ার্ট কর্নেলিয়াসের ১০।

প্রচ- গরমের মধ্যেও মোহামেডান খেলেছে তাদের স্বাভাবিক আক্রমণাত্মক ফুটবল। যদিও দলটির প্রথম গোল পেতে সময় লেগে যায় ৩৪ মিনিট। শুরুটা অবশ্য করেছিলেন শাহরিয়ার ইমন। উজবেক প্লে-মেকার মোজাফফরভের ভলিতে পা ছুঁইয়ে মোহামেডানকে লিড এনে দেন এই তরুণ ফরোয়ার্ড। মোহামেডানের অধিনায়ক দিয়াবাতে গোলৎসব শুরু করেন ম্যাচের ৪৩ মিনিটে। বাঁ-দিক থেকে নাইজেরিয়ান সানডের ক্রসে নিখুঁত প্লেসিংয়ে ব্যবধান বাড়ান মোহামেডানের আক্রমণভাগের মূল অস্ত্র। যোগ করা সময়ে সানডের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ব্রাদার্সের রক্ষণ দুর্গ ভেঙে সহজেই কিপারকে কাটিয়ে দ্বিতীয় গোলের দেখা পান দিয়াবাতে। বিরতি থেকে ফিরেও মোহামেডানর গোল-উৎসব চলেছে। ৬৮ মিনিটে জাফর ইকবালের ক্রসে দিয়াবাতে হেড করে হ্যাটট্রিক পূরণ করেন। এর চার মিনিট পর সানডের থ্রু ধরে একক প্রচেষ্টায় নিজের চতুর্থ গোল করেন মালির এই ফরোয়ার্ড। ৭৬ মিনিটে জাফর ইকবালের দারুণ কাটব্যাকে বদলি জুয়েল মিয়া বক্সের ওপর থেকে লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ৬-০। ম্যাচের ৮৭ মিনিটে জুয়েলের কর্নারে হেড করে গোল পান ইমানুয়েল টনি। আর ৮৮ মিনিটে পঞ্চম গোল করে ব্রাদার্সের দুর্গতি বাড়ান দিয়াবাতে।

চলতি লিগে এটা সব মিলিয়ে তৃতীয় হ্যাটট্রিক। এর আগে হওয়া দুটি হ্যাটট্রিকই ছিল ব্রাদার্সের বিপক্ষে। শেখ রাসেলের বুরুন্দির ফরোয়ার্ড সেলেমানি ল্যান্ড্রি ও পুলিশের কলম্বিয়ান ফরোয়ার্ড ইদিস গার্সিয়া ব্রাদার্সের বিপক্ষেই হ্যাটট্রিক করেছিলেন। এ নিয়ে ১২ ম্যাচে ব্রাদার্স গোল হজম করল ৪৬টি। টানা ছয় হারে গোপীবাগের দলটির অবস্থা শোচনীয়।

রাজশাহীতে স্বাগতিক ফর্টিসকে হারাতে ভালোই ভুগতে হয়েছে। চলমান তাপপ্রবাহের মধ্যে ভরদুপুরে খেলা হওয়ায় দু’দলই পারেনি স্বাভাবিক ফুটবল খেলতে। আক্রমণভাগের মূল অস্ত্র ব্রাজিলিয়ান রবসন রবিনহোকে বিশ্রাম দিয়ে শনিবার একাদশ সাজিয়েছিলেন বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোন। স্বদেশি সতীর্থের অনুপস্থিতিতে মূল দায়িত্ব ছিল মিগেল ফিগেইরার। এই ব্রাজিলিয়ানের গোলেই জয়ের ধারায় রয়েছে কিংস। ম্যাচের ২৩ মিনিটে গোলটি করেন মিগেল। এটি ছিল লিগে তার ষষ্ঠ গোল।

মুন্সীগঞ্জে নিজেদের মাঠে চট্টগ্রাম আবাহনী প্রথমে নেয় দুই গোলের লিড। নাইজেরিয়ান পল কোমোলাফে ১৫ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ান অভিজ্ঞ ডিফেন্ডার রায়হান হাসান। ম্যাচের ৫৭ মিনিটে রহমতগঞ্জের ঘানাইয়ান ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটাং পেনাল্টি থেকে হারের ব্যবধান কমিয়েছেন। এই জয়ে শেখ রাসেলকে টপকে চট্টগ্রাম আবাহনী ১৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে সাতে। আর ব্রাদার্সকে হারিয়ে এসে ফের হারের স্বাদ পাওয়া রহমতগঞ্জকে ১০ পয়েন্ট নিয়ে থাকতে হচ্ছে অবনমন ঝুঁকিতে (নবম স্থানে)।