দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের স্কুল, কলেজ সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ এপ্রিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে আজ রবিবার এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। গতকাল শনিবার দুই মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। গরমের তীব্রতার পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধের ঘোষণা দেয়। কিছুক্ষণ পরে মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
এরপর মাউশির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে ২৭ এপ্রিল পর্যন্ত এই ছুটি থাকবে। এদিকে তীব্র গরমের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ক্লাস বন্ধ থাকবে।