রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আব্দুল ওয়াদুদ (৫৮) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
আজ রবিবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আব্দুল ওয়াদুদের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলায়। বর্তমানে মালিবাগ পশ্চিম হাজীপাড়ায় থাকেন। নিরাপত্তাকর্মীর চাকরি করেন তিনি।
তিনি আরও জানান, রাত্রিকালীন ডিউটি শেষে সকালে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। পথে মালিবাগ রেলগেটে পার হওয়ার সময় একটি ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরে বিভিন্ন জায়গায় গুরুত্ব আঘাত পান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নিচ্ছে।