রাজধানীর উত্তরা আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
তার বাড়ির ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামে। বাবার নাম মৃত নিজাম উদ্দিন।
নিহতের স্বজন রুবিয়া আক্তার জানান, শফিকুল ইসলাম বেকার। গ্রামের বাড়িতেই থাকেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে গত রাতে শফিকুল, তিনি (রুবিয়া), ও রুবিয়ার মেয়ে ঢাকায় আসেন। ঢাকায় আজমপুরে বাস থেকে নেমে সেখানে রাস্তা পার হন শফিকুল। তখন কোন একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি উত্তরা পশ্চিম থানা পুলিশ তদন্ত করছে।