শনিবার রাতে এফএ কাপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে চেলসিকে হারিয়ে মৌসুমের প্রথম ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। বার্নার্দো সিলভার একমাত্র গোলে ওই জয়ের পাশাপাশি নিজেদের ক্লাব ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার নতুন কীর্তিও গড়েছে সিটিজেনরা।
পেপ গার্দিওলার ম্যানসিটি এ নিয়ে টানা ২৯ ম্যাচ রইল অপরাজিত। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩টি জয় ও ৬টি ড্র ম্যানসিটির। যদিও বুধবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে বাদ পড়তে হয় সিটিকে। তবে দ্বিতীয় লেগের ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।
গত ডিসেম্বরে অ্যাস্টন ভিলার কাছে ০-১ গোলের হারই ছিল গার্দিওলার দলের সবশেষ। এর পর ১৭টি প্রিমিয়ার লিগ, ৫টি এফএ কাপ, ৫টি চ্যাম্পিয়নস লিগ ও ২টি ক্লাব বিশ্বকাপের ম্যাচে অপরাজিত রয়েছে সিটিজেনরা।
চেলসির বিপক্ষে জয়ে টানা দ্বিতীয় মৌসুম এফএ কাপের ফাইনালে উঠলো সিটি। এ নিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয়বার এমন ঘটনা ঘটলো। আগের দুটো ছিল ১৯৩২-৩৩, ১৯৩৩-৩৪ এবং ১৯৫৪-৫৫, ১৯৫৫-৫৬ মৌসুমে। গত আসরে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সিটি। তবে কখনোই টানা দুই মৌসুম এফএ কাপ জেতেনি সিটি।