অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ মিলল, গোবিন্দগঞ্জে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতপরিচয় এক যুবকের (১৯) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। আজ রবিবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান। এর আগে, গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রিজের নিচ থেকে রাতে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের ওভার ব্রিজের নিচে রাতে অজ্ঞতপরিচয় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো পরিবহনের ছাদ থেকে পড়ে মৃত্যু হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুরহস্য জানা যাবে। মামলার প্রস্তুতি চলছে।