সিটিকে হারানোর আত্মতুষ্টিই রিয়ালকে হারাবে, বলছেন লেভানডফস্কি

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সার সাম্প্রতিক সময়ের ফলাফল একেবারেই ভালো নয়। প্রতিযোগিতামূলক সবশেষ তিন ম্যাচেই হেরেছে তারা। এরমধ্যে দুই ম্যাচে হয়েছে রীতিমতো বিধ্বস্ত। রিয়াদে সুপার কাপের ফাইনালে ১-৪ ব্যবধানে হারে তারা। এর আগে কোপা দেল রের ম্যাচে ন্যু ক্যাম্পে ০-৪ ব্যবধানে বিধ্বস্ত হয় দলটি। আর গত অক্টোবরে লিগের প্রথম ম্যাচে নিজেদের মাঠে তারা হেরেছিল ১-২ ব্যবধানে। এমন পরিসংখ্যান সামনে রেখেই রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সা।

অবশ্য বার্নাব্যুতে সবশেষ ম্যাচ জিতেছিল বার্সেলোনাই। গত মার্চে কোপা দেল'রের ম্যাচে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে তারা জিতেছিল ১-০ ব্যবধানে। অনুপ্রেরণা হতে পারে সেই ম্যাচ। তবে সবশেষ ম্যাচের হার থেকেও দলটি শিক্ষা নিয়েছে বলে জানান তারকা রবার্ট লেভানডফস্কি, 'আমরা জানি কীভাবে রিয়াল মাদ্রিদকে হারাতে হয়। আমরা তাদের জানি এবং শেষবার একে অপরের মুখোমুখি হওয়ার সময় আমরা যে ভুলগুলো করেছিলাম তা বিশ্লেষণ করেছি। আমরা জানি যে যদি তাদের শক্তিকে ছোট করতে করি তাহলে সান্তিয়াগো বার্নাব্যুতে আমরা তাদের হারাতে পারব।'

এছাড়া সাম্প্রতিক সময়ে দুই দলের পরিস্থিতিও ভিন্ন। অ্যাওয়ে ম্যাচে জিতেও ঘরের মাঠে পিএসজির কাছে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। এমন হারে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস তলানিতে দলটির। অন্যদিকে নিজেদের মাঠে ড্র করেও ম্যানচেস্টার সিটির মাঠে টাই-ব্রেকারে জিতে সেমি-ফাইনালে উঠেছে রিয়াল। ক্লাসিকোর আগে তাই আত্মবিশ্বাসে টইটুম্বুর দলটি। অতি আত্মবিশ্বাসই তাদের কাল হতে পারে বলে মনে করেন লেভা, 'ম্যানচেস্টার সিটির বিপক্ষে যোগ্যতা অর্জনের আত্মতুষ্টিই রিয়াল মাদ্রিদকে মানসিকভাবে ক্লাসিকো থেকে বের করে দিতে পারে।'