চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকান্ড, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ৫০টি দোকান পুড়ে গেছে। রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। 

অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নোয়াখালীর মাইজদীসহ বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

স্থানীয়রা জানান, রাত পৌনে ৮টার দিকে চৌমুহনী বাজারের বাদামতলা রোডের মসজিদ মার্কেটের ভূঞা হোসিয়ারি নামের একটি কাপড় দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পানি সঙ্কটের কারণে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে দাবি ব্যবসায়ীদের।
 
নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।