পদ্মায় ডুবে কিশোর-তরুণ ঘেরে ভাইবোনের মৃত্যু

রাজশাহীতে পদ্মা নদীতে গোসলে নেমে কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে পবা উপজেলার হরিপুরে পদ্মায় গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল তাদের লাশ উদ্ধার করে।

তারা হলো রাজশাহী নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬)। বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট একাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল। অপরজন হলেন মনির হোসেন (২০)। তিনি একই এলাকার শাহিন হোসেনের ছেলে। মনির পেশায় থাই মিস্ত্রি।

রাজশাহী মহানগর নৌ-পুলিশের ওসি মো. মনিরুজ্জামান বলেন, দুপুরে কয়েকজন একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় বাপ্পি ও মনির নদীতে ডুবে যায়।

অপরদিকে, নড়াইলে ঘেরের পানিতে ডুবে শিশু তিন্নি (৫) ও তানহা (৩) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে এ ঘটে ঘটে। শিশু দুটি ওই গ্রামের নূর জালাল মোল্যার সন্তান।

শনিবার বিকেলে নূর জালাল ও তার স্ত্রী বাড়ির পাশে মাছের ঘেরে যান। এ সময় তাদের শিশুসন্তান তানহা ও তিন্নিও ঘেরে যায়। কিন্তু বাবা-মায়ের থেকে কিছুটা দূরে থাকায় একপর্যায়ে তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।