একসময় রাজশাহী নগরবাসীর কাছে স্বস্তির বাহন ছিল অটোরিকশা। গণপরিবহনের অভাবে মানুষের চলাচলে নতুনমাত্রা যোগ করেছিল ছোট এই যান। পাঁচ টাকায় আশপাশের গন্তব্যে কিংবা ১৫ থেকে ২০ টাকায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করা যেত। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠে অটোরিকশা। এ চিত্রটি দুই দশক আগের। কিন্তু সেই স্বস্তির বাহনই এখন নগরবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনের তুলনায় কয়েকগুণ বেশি অটোরিকশা শহরে চলাচল করায় বাড়ছে যানজট। এই ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কারণে বর্তমানে চলাচল করা বেশ ঝক্কির। শুধু যানজটের দুর্ভোগই নয়, অহরহ ঘটছে দুর্ঘটনা। অথচ সমস্যা চিহ্নিত হলেও অটোরিকশা নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে পারছে না সিটি করপোরেশন। স্থানীয় পুলিশ প্রশাসনও অনেকটাই অসহায়।
একসময় যানজটমুক্ত শহর হিসেবে পরিচিত ছিল রাজশাহী। কিন্তু এখন যানজট নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। গণপরিবহনের বিকল্প হিসেবে চালু হওয়া অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। বিভাগীয় শহর হলেও রাজশাহীতে গড়ে ওঠেনি কার্যকর গণপরিবহন ব্যবস্থা। ফলে শহরের মানুষের চলাচলের প্রধান বাহন অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা। একসময়ের সুবিধাজনক এ যান এখন নগরবাসীর বিরক্তির কারণ। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে অটোরিকশার সংখ্যা। বাড়তি আয়ের আশায় কৃষিকাজ, রাজমিস্ত্রি কিংবা অন্যান্য পেশায় যুক্ত অনেকে অটোরিকশা চালানো শুরু করেছেন। এতে একদিকে সড়কে যানবাহনের চাপ বাড়ছে, অন্যদিকে অটোরিকশা বেশি হওয়ায় চালকদের আয়ও কমে যাচ্ছে।
নগরীর শালবাগান এলাকায় কথা হয় অটোরিকশাচালক কাজলের সঙ্গে। ১০ বছরেরও বেশি তিনি শহরে অটোরিকশা চালান। কাজল বলেন, আগে মালিককে অটোর জমার টাকা দেওয়ার পরও প্রতিদিন ৫০০-৬০০ টাকা থাকত। এখন ৩০০ টাকা আয় করতেই দিন পার হয়ে যাচ্ছে। যাত্রীর তুলনায় অটোরিকশা বেশি হওয়ায় অনেক সময় খালি গাড়ি নিয়ে ঘুরতে হয়। ব্যাটারিচালিত রিকশাচালক আবুল কাশেম বলেন, দিনে ২০০-৩০০ টাকা আয় করতেও কষ্ট হয়। এটা দিয়ে সংসার চালাবো ক্যামনে?
অধিকাংশ রিকশা-অটোরিকশা অবৈধ : নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে সিটি করপোরেশন। অথচ নগরীর সড়কে প্রতিদিন বাড়ছে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার সংখ্যা। নিবন্ধন ছাড়াই চলছে হাজারো যানবাহন। কোনো কোনো গাড়িতে ব্যবহার করা হচ্ছে পরিবর্তিত বা জাল নম্বরপ্লেট। রাসিকের নিবন্ধন অনুযায়ী, নগরীতে ব্যাটারিচালিত রিকশা রয়েছে ৫ হাজার ৮১৯টি এবং অটোরিকশা ৮ হাজার ৯৭০টি। তবে বাস্তবে এই যানবাহনের সংখ্যা এর কয়েকগুণ।
নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, যাত্রী ওঠানামার জন্য যেখানে-সেখানে দাঁড়িয়ে পড়ছে অটোরিকশা। কখনো সড়কের মাঝখানে হঠাৎ থামছে, কখনো পাশাপাশি দাঁড়িয়ে যাত্রী নেওয়ার প্রতিযোগিতা করছে। অনেক চালককে উল্টো পথে গাড়ি চালাতেও দেখা গেছে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। জিরো পয়েন্ট, সাহেববাজার, কাদিরগঞ্জ, বর্ণালি, লক্ষ্মীপুর, রেলগেট, তালাইমারী ও কোর্ট স্টেশন এলাকায় দিনের বেশিরভাগ সময়ই যানজট লেগে থাকছে। নগরবাসীর কাছে এ যানজট এখন নিত্যদিনের ভোগান্তি।
অটোরিকশার সংখ্যা বাড়ার পেছনে নগরীতে গড়ে ওঠা ওয়ার্কশপগুলোর ভূমিকাও রয়েছে। স্থানীয়ভাবে পাওয়া তথ্যানুযায়ী, নগরীতে ছোট-বড় অন্তত ৫০টি ওয়ার্কশপে তৈরি হচ্ছে অটোরিকশা। এসব ওয়ার্কশপে প্রতি মাসে কয়েকশ নতুন অটোরিকশা তৈরি হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান বলেন, শুধু অটোরিকশাকে লক্ষ্য করে ব্যবস্থা নিলে এ সমস্যার সমাধান হবে না। যানবাহনের সংখ্যা, সড়কের ধারণক্ষমতা, রুট ব্যবস্থাপনা, পার্কিং, যাত্রী ওঠানামার স্থান, চালকদের প্রশিক্ষণ এবং ট্রাফিক আইন প্রয়োগ বিবেচনায় নিতে হবে।
রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার গাজিউর রহমান বলেন, লাইসেন্স ও বৈধ কাগজপত্রহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আবদুল ওয়াকিল বলেন, নিবন্ধন নম্বর অনুযায়ী অটোরিকশা নিয়ন্ত্রণ এবং সময় ও রুটভিত্তিক চলাচলের ব্যবস্থা করা যেতে পারে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনগুলোকে দ্রুত শৃঙ্খলায় আনার প্রক্রিয়া চলছে।