মৌসুম শেষেই বার্সেলোনাকে জাভি হার্নান্দেজ বিদায় বলবেন, সেটা আগেই ঘোষণা করেছিলেন। তাই গতকাল রাতেই তার অধীনে শেষ এল ক্লাসিকো খেলেছে বার্সেলোনা। যদি আর কোনোদিন ক্যাম্প ন্যুতে ফিরে না আসেন তবে এটাই শেষ। আর কোনোদিন এল ক্লাসিকোর ডাগআউটে দেখা যাবে না তাকে। কিন্তু বিদায়বেলাটা রাঙিয়ে তুলতে পারলেন না স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক।
রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যায় তার দল। এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে জ্যুড বেলিংহ্যামের জয়সূচক গোল এনে দেন লস ব্ল্যাঙ্কোসকে। ম্যাচ শেষে জাভি লা লিগায় গোল লাইন প্রযুক্তি না থাকাকে অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন। জানিয়েছেন, অবিচারের শিকার হয়েছে তার দল।
ম্যাচের ২৮ মিনিটে কর্নার থেকে লামিন ইয়ামালের টোকা কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলকিপার আন্দ্রে লুনিন। ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল দেখেও ঠিক নিশ্চিত হওয়া যায়নি বলটি গোললাইন পেরিয়েছিল কি না। যে কারণে গোলও দেওয়া হয়নি।
ম্যাচ শেষে গোললাইন প্রযুক্তি না থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বার্সা গোলকিপার টের স্টেগেন বলেন, ‘গোললাইনে কী ঘটেছে, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্যই অস্বস্তিকর। এখানে এত এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটার জন্যই নেই। আমি বুঝতে পারছি না, যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমরা কেন সেটা নিতে পারছি না।’
স্টেগেনের কথার সঙ্গে সুর মিলিয়েছেন কোচ জাভিও, ‘আমি ওর সঙ্গে সম্পূর্ণ একমত। গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর। আমরা যদি এটিকে বিশ্বসেরা লিগে পরিণত করতে চাই, তাহলে এটা লাগবেই।’
সংবাদ সম্মেলনে গোললাইন প্রযুক্তি না থাকাকে নিজেদের জন্য অবিচার বলেও মন্তব্য করেন বার্সা কোচ, ‘সবাই দেখেছে, কী হয়েছে। আমি আর কী বলব? লিগ কর্তৃপক্ষ আমাকে শাস্তি দিতে পারে। কিন্তু ছবি তো আছে। আজ মনে হচ্ছে আমরা পুরোপুরি অবিচারের শিকার হয়েছি। আমি ম্যাচের আগে বলেছিলাম, আশা করি রেফারিং নিয়ে ভাবতে হবে না এবং তিনি সঠিক সিদ্ধান্তই দেবেন। কিন্তু দিন শেষে কোনোটাই ঘটেনি।’
জাভির সংবাদ সম্মেলনের আগেই অবশ্য লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস লোগলাইন প্রযুক্তি না থাকা নিয়ে নিজের যুক্তি দিয়ে রেখেছেন। ইয়ামালের গোলটি না হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে লা লিগা প্রধান এক্সে একটি পোস্ট দেন, যেখানে ছিল কিছু সংবাদের শিরোনামের স্ক্রিনশট। ওই সংবাদগুলো ছিল গোললাইন প্রযুক্তির ভুল নিয়ে। ক্যাপশনে লেখা—‘নো কমেন্টস’।
এল ক্লাসিকো জিতে রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে। লিগে মাত্র ৬ ম্যাচ বাকি থাকায় ট্রফি জয় এখন সময়ের ব্যপার মাদ্রিদের জন্য। বার্সা কোচ আগাম অভিনন্দনই জানিয়ে রেখেছেন রিয়ালকে।