ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধে কোথায় অংশ নিয়েছিলেন, জানতে চান ফারুক

অগণতান্ত্রিক সরকারকে ভারত কেন সহযোগিতা করছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, বাংলাদেশকে আগ্রাসন থেকে ভারত মুক্তি দেবে এটিই বিএনপি চায়।

আজ সোমবার (২২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন তিনি।

এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধে কোথায় অংশ নিয়েছিলেন সেটিও জানতে চান বিএনপির এই নেতা। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব আপনি কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে মুক্তিযুদ্ধ করেছেন সেই নামটি বলেন। আমাকে এবং আমার দলের মেজর হাফিজ, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন কোথায় যুদ্ধ করেছি? আপনি কোথায় করেছেন বলতে পারলে আর সমালোচনা করব না।

জয়নুল আবদীন বলেন, জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধের সূচনা হয়। সরকার যতই তালবাহনা করুক, প্রতিবেশী দেশের ওপর ভর করুক না কেন, শেষ রক্ষা হবে না। তিনি অভিযোগ করেন, মানুষের পকেট কাটার উদযাপন করছে সরকারি দল।

ভারতীয় পণ্যের বিরোধিতা বিএনপি করতেই থাকবে এমনটিও জানান ফারুক। বলেন, ভারতীয় পণ্য বর্জন চলছে এবং চলবে। ভারত গণতন্ত্র ধ্বংসের সহযোগী, তাই তাদের বয়কট করতেই হবে।

সরকার পতনের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আন্দোলনে বিএনপি পিছুটান হয়নি বরং শক্তি সঞ্চয় করেছে। তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন সরকার হবে বলেও মন্তব্য করেন চেয়ারপারসনের এই উপদেষ্টা।