বন্ধ নয় অনলাইনে হবে মেডিকেলের ক্লাস

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, চলমান তাপপ্রবাহে দেশের মেডিকেল কলেজগুলো বন্ধ না করে অনলাইনে ক্লাস চলমান থাকবে। যেসব রুমের এসি আছে, সেখানে রোগীদের ক্লিনিক্যাল ক্লাসগুলো চলবে। 

তিনি বলেন, প্রত্যেক মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্লাস অনলাইনে করা হবে। প্রচুর রোগীদের ভিড়ে ছাত্ররা ওয়ার্ডে যায়, ওখানে ক্লাস হয়। এটা যতটুকু সম্ভব এড়ানো হবে। এক্ষেত্রে যেসব রুমের এসি আছে, সেখানে রোগীদের ক্লিনিক্যাল ক্লাসগুলো চলবে। 

আজ সোমবার (২২ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 

ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা আশা করি, এই প্রাকৃতিক দুর্যোগ বেশি দিন স্থায়ী হবে না, আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। তারপর আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো। মেডিকেলের ক্লাস আমরা বন্ধ করতে বলিনি, কারণ পরীক্ষা আছে। এই সময়ে অনলাইনে তারা ক্লাস করবে।