পঞ্চম লরিয়াস অ্যাওয়ার্ড জিতে ফেদেরারকে ছুঁলেন জকোভিচ

পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ পুরস্কার জিতেছেন টেনিস কিংবদন্তী নোভাক জকোভিচ।

মাদ্রিদে জমকালো আয়োজনে সার্বিয়ান টেনিস খেলোয়াড়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এই পুরস্কারের মনোনয়ন তালিকায় লিওনেল মেসি, আর্লিং হালান্ডও ছিলেন। কিন্তু ২০২৩-এ চার গ্র্যান্ড স্ল্যামের তিনটি বিজয়ী ও একটিতে ফাইনালে ওঠা জকোভিচকে জুরি বোর্ডের ৬৯ ক্রীড়া ব্যক্তিত্ব সেরা বাছাই করেছেন।

এর আগে ২০১২, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে এই পুরস্কার জিতেছিলেন জকোভিচ। তিনি পাঁচবারের বিজয়ী রজার ফেদেরারের সমকক্ষতা অর্জন করলেন। 

স্পেনের বিশ্বকাপ জয়ী দলের মিডফিল্ডার আইতানা বোনমাতি জিতেছেন বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এর আগে ব্যালন ডি অরও জিতেছিলেন। 

২০২৩ সালের সেরা উদীয়মান অ্যাথলিটের মর্যাদা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।