চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ। সঙ্গে প্রমিয়ার লিগ। টানা খেলার ধকলে ক্লান্তি ভর করেছে ম্যানচেস্টার সিটির ফুটবলারদের। বিশ্রামের ফুরসত মেলেনি তাদের। এ নিয়ে ক্ষোভ আড়াল করেননি সিটি কোচ পেপ গার্দিওলা। খেলোয়াড়দের সতেজ ও চাঙা করতে তাই দিলেন দুই দিনের ছুটি। আজ ও আগামীকাল নিজেদের মতো করে তারা করতে পারবে আনন্দ-ফুর্তি।
চ্যাম্পিয়ন্স লিগ ও এএফ কাপের ম্যাচের মাঝে রিকভারির জন্য ৭২ ঘণ্টা সময়ও মেলেনি ম্যানসিটির। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান গার্দিওলা। ব্রাইটন ম্যাচের আগে আর্লিং হালান্ড ও বার্নার্দো সিলভাদেরকে শারীরিক ও মানসিকভাবে তরতাজা করতে তাই দুই দিনের ছুটিসহ নির্দেশনাও দিয়েছেন তিনি।
এই সময় পরিবারের সঙ্গে আনন্দ-ফুর্তিতে মজে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দুদিন ছুটি দেওয়া হয়েছে। কারো সঙ্গে কারো দেখা করার দরকার নেই, পরিবারের সঙ্গে বাড়িতেই থাকো, বিশ্রাম নেওয়ার চেষ্টা করো। এর বাইরে বিশেষ কিছু করার প্রয়োজন নয়। ব্রাইটন ও নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য দুই দিন সময় আছে; একটা ম্যাচ ধরে ভাবতে হবে।’
সূচি নিয়ে মাঝেমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো গুয়ার্দিওলা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে গুঞ্জন উঠেছিল। এই স্প্যানিশ কোচ তা অবশ্য উড়িয়ে দিয়েছেন, ‘আমি সবসময় গণমাধ্যমরে সাথে কথা বলি; কেননা, আমি এই প্রতিষ্ঠানের (সিটির) প্রতিনিধিত্ব করি। আমি সবসময় এটা করেছি এবং সামনেও করব। যদি তারা এর বেশি কিছু চায়, তাহলে আমার সময় নেই। যদি প্রতি তিন দিনে একটি ম্যাচের আগে আমাকে কথা বলতে হয়, ম্যানেজারদের অনেক কাজ করার আছে।’