পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। সেই সিরিজের জন্য আজ সিকান্দার রাজার নেতৃত্বাধীন ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
দলে নতুন মুখ জোনাথন ক্যাম্পবেল নামে এক অলরাউন্ডার। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন এখনো জিম্বাবুয়ের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে তিনে ব্যাট করেন। লেগ স্পিনটাও নিয়মিত করেন জোনাথন।
দলে ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। বাছাই করা বাকি খেলোয়াড়রা জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন। তারা হলেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস, পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি এবং তরুণ বন্দুকধারী ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট। গত মার্চে ঘানায় অনুষ্ঠিত ১৩তম আফ্রিকান গেমসে স্বর্ণপদক জিতে জিম্বাবুয়ে। সেই দলের উদীয়মান সদস্য ছিলেন মাদান্দে, বেনেট ও ক্যাম্পবেল।
জেডসির নতুন কোচ না থাকায় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের দায়িত্বে থাকবেন স্টুয়ার্ট ম্যাটসিকেনিয়েরি। আগামী ৩, ৫ ও ৭ মে চট্টগ্রামে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল
সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।