ঢাবির হলে গেস্টরুমে শিক্ষার্থী অজ্ঞান, তদন্তে কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের গেস্টরুমে এক শিক্ষার্থী অজ্ঞান হওয়ার হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুল বাছির।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে তিনি বলেন, গতকাল রাতে বিজয় একাত্তর হলে শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনাটি জানার পর আমরা খোঁজ নিয়েছি এবং আবাসিক শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ শাহ মিরানকে প্ৰধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, আবাসিক শিক্ষক মোহা. জাহাঙ্গীর হোসেন এবং আবু হোসেন মুহাম্মদ আহসান।

তিনি বলেন, তথাকথিত গেস্টরুমের নামে যে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনাটি ঘটেছে সেটির সত্যতা নিরূপণের মাধ্যমে কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে একটি রিপোর্ট জমা দেবেন। সে আলোকে আমরা ব্যবস্থা নেব।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হলের গেস্টরুমে (অতিথিকক্ষে) এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম নিয়ামুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। এ সময় গেস্টরুম নিচ্ছিলেন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি আহম্মেদের কর্মীরা। রাব্বি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে গেস্টরুমে দীর্ঘ সময় ধরে দাঁড় করিয়ে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে রাত ১০টার দিকে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পরে তাকে কক্ষে নিয়ে যাওয়া হয় এবং মাথায় পানি দেয় তার বন্ধুরা। এর আগে কয়েকবার গরমের কারণে তার খারাপ লাগার কথা জানালেও তাতে কর্ণপাত করেননি ছাত্রলীগের কর্মীরা। সিনিয়র ছাত্রলীগ কর্মীরা এসে ঘটনাটি যাতে বাহিরে না যায় সেজন্য হাসপাতালে নিতে নিরুৎসাহিত করেন।