নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ সুরুজ আলীর

ময়মনসিংহের ফুলপুরে উপজেলায় ফজরের নামাজ পড়তে গিয়ে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ফুলপুরের ইমাদপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. সুরুজ আলী (৭০)। তিনি ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন সুরুজ আলী। ইমাদপুর বড় মসজিদের নামাজ আদায় শেষে সকাল ৬টার দিকে স্থানীয় বাজারের দিকে যাওয়ার পথে ময়মনসিংহের দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইমাদপুর এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ট্রাকসহ চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।