বোনের বিয়েতে সোনার আংটি ও এলইডি টেলিভিশন উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন ভাই চন্দ্র প্রকাশ মিশ্র। কিন্তু এতে ক্ষুব্ধ হন তার স্ত্রী ক্ষমা মিশ্র। স্বামীকে ‘উচিত শিক্ষা’ দিতে ভাইদের ডেকে পাঠান তিনি। একপর্যায়ে তাদের বেধড়ক পিটুনিতে প্রাণ হারান ৩৫ বছর বয়সী চন্দ্র প্রকাশ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বারাবাঙ্কির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামীকাল ২৬ এপ্রিল চন্দ্র প্রকাশের বোনের বিয়ে ঠিক হয়েছিল। বিয়েতে উপহার দেওয়া নিয়ে চন্দ্র প্রকাশ ও ক্ষমা মিশ্রের মধ্যে কথা কাটাকাটি হয়। ক্ষিপ্ত হয়ে ক্ষমা মিশ্র তার ভাইদের ডেকে আনেন।
পুলিশ জানিয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে চন্দ্র প্রকাশকে লাঠি দিয়ে পেটানো হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে এবং ক্ষমা মিশ্র ও তার ভাইসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।