উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে পছন্দের প্রতীক দিয়ে প্রচার চালানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির হিমুকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। গত বুধবার রাতে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক পাঠানো এই নোটিসের জবাব আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। হুমায়ুন কবির হিমু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে গত বুধবার দুপুরে হুমায়ুন কবির হিমু তার নিজের ফেসবুক আইডিতে নিজের পছন্দের প্রতীক টিউবওয়েল দিয়ে রঙিন পোস্টার করে শেয়ার করেন। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংশা বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীকে শোকজ করা হয়েছে।’