বাবা-স্ত্রীকে ছুরি মেরে আহত করলেন ছাত্রলীগ নেতা

সাভারে মাদক সেবন করে বাবা ও স্ত্রীকে ছুরি মেরে আহত করেছে এক সাবেক ছাত্রলীগ নেতা। তার নাম সানোয়ার হোসেন হাফেজ (২৬)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে। আহত বাবা আব্দুর রহমান ও স্ত্রী ঝর্না আক্তারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সানোয়ার হোসেন হাফেজ ওই ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাবা ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্বজন ও স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন হাফেজ প্রতি রাতে মাদক সেবন করে বাসায় এসে প্রায় তার স্ত্রীকে মারধর করে। গত বুধবার রাতে বাসায় ফিরে স্ত্রীকে প্রথমে গালমন্দ করে। এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেঁধে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে বাবা এগিয়ে এলে স্ত্রী ও বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।