ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যান চাপায় দুই সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু ।
নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৫০) এবং আব্দুস সামাদের ছেলে ছানোয়ার হোসেন (৪৫)।
আজ সকালে মানিকগঞ্জের জাগীর সবজি আড়ত থেকে সবজি ক্রয় করে আব্দুস সালাম এবং ছানোয়ার হোসেন নিজ এলাকায় যাচ্ছিলেন। পথে তাদের বহন করা ভ্যানটিকে অজ্ঞাত একটি পিকআপভ্যান চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানচালক রাস্তার পাশে পড়ে গেলেও ওই দুই সবজি বিক্রেতা মারা যান।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বসু বলেন, দুর্ঘটনায় নিহত একজনের মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং অন্যজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।