দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে, সে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার ধীরাজ ঘোষের ছেলে ধীমান ঘোষ (৩৮)। তার নবাবগঞ্জ হাসপাতালের পাশে বিকাশ এর দোকান ছিল। অপরজন তার বন্ধু নাম-পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বিরামপুর দিক থেকে গরুবোঝাই শ্যালোমেশিন একটি ভটভটি হিলির দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বিরামপুরের দিকে যাচ্ছিল। হিলি বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া এলাকায় গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলটি পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, হিলিতে কয়েকদিন ধরেই তীব্র তাপদাহ বয়ে চলছে। তীব্র তাপমাত্রার কারণে সড়কের পিচ গলে যাচ্ছে। এতে সড়কের উপর দিয়ে চলতে গিয়ে যানবাহনের চাকা পিচের সাথে আটকে যাচ্ছে। যার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলেও মনে করছেন তারা।
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।