গাজায় মাতৃগর্ভ থেকে জীবিত উদ্ধার হওয়া শিশুটি মারা গেছে

দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় নিহত মায়ের গর্ভ থেকে জীবিত উদ্ধার করা শিশুটির মৃত্যু হয়েছে। গত রবিবার মধ্যরাতে হাসপাতালে সিজারের মাধ্যমে সাবরিন আল-সাকানির অকালজন্ম হয়। গতকাল বৃহস্পতিবার মৃত্যুর পর তাকে তার মায়ের পাশে সমাহিত করা হয়েছে বলে জানতে পেরেছে বিবিসি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে শিশুটির চাচা রামি আল-শেখ বলেছেন, সাবরিনের স্বাস্থ্যের অবনতি হয়। মেডিকেল দল তাকে বাঁচাতে পারেনি। তার মৃত্যুর পর ‘আমার ভাইয়ের পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে’।

এর আগে শনিবার রাতে রাফায় ভয়াবহ হামলায় শিশুটির মা সাবরিন আল-সাকানিসহ ১৯ ফিলিস্তিনি নিহত হন। তবে মা মারা গেলেও ভাগ্যক্রমে শিশুটি মায়ের গর্ভ থেকে জীবিত জন্ম নেয়। শিশুটির ওজন ছিল ১.৪ কেজি। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।

এরপর বাকি শিশুদের সঙ্গে তাকে হাসপাতালের ইনকিউবেটরে রাখা হয়। মায়ের নামে তার নাম দেওয়া হয়। আল জাজিরা জানায়, শিশুটির পুরো পরিবার ইসরায়েলি হামলায় নিশ্চিহ্ন হয়ে গেছে। তার বাবা ও তিন বছর বয়সী বোন একই হামলায় নিহত হয়েছে। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছিল তার।