বিসিএস পরীক্ষা

বিলম্বে কেন্দ্রে ঢুকতে না পেরে কাঁদল শিক্ষার্থীরা

দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এবার ৩ হাজার ১৪০টি আসনের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৩৮ হাজার। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

এদিকে সাড়ে ৯টার পর কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেননি শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিতে না পেরে অনেক শিক্ষার্থীরাই ক্ষোভ জানিয়েছেন।

রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নীয়ম অনুযায়ী ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করে কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়ায় গেটের সামনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভেতরে প্রবেশ করতে পারেননি। ১ মিনিটের মধ্যেই শিক্ষার্থীরা গেটের সামনে গিয়ে অনুরোধ করলেও দায়িত্বরতরা পাত্তা দেননি। ফলে পরীক্ষা না দিতে পেরে কেঁদে ফেলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেন দীর্ঘদিন ধরে। টাকা খরচ করে আবেদন করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে না পারার বিষয়টি অমানবিক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ আদনান ফাহাদ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, এত গরম আর যানজটের শহরে একটু দেরি হলে এত নিষ্ঠুর হতে হবে?  ৫ মিনিট পরে আসাতে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারবে না? এত কড়া রাষ্ট্র বাংলাদেশ কবে হল? অনেকের জীবনের শেষ বিসিএস ছিল। রাস্তায় গড়াগড়ি করতে দেখলাম একটা ছেলেকে। একটা মেয়ে বিলাপ করে কাঁদছিল। কী জানি ভাই। আমি তো বিসিএস ক্যাডার নই। হয়ত আসলেই নিয়ম এমন।

মোস্তারিন জেরিন মুভি নামের এক পরীক্ষার্থী বলেন, কেন্দ্রে প্রবেশের পর বাইরে অনেকেই চিল্লাচিল্লি করছিল, অনুরোধ করছিল পরীক্ষার সুযোগ দেওয়ার। দুই মিনিট বা ৫ মিনিট নানা কারণে বিলম্ব হতে পারে, তাই বলে পরীক্ষা দিতে পারবে না এটা অন্যায়। যেহেতু প্রশ্ন তখনো দেওয়া হয়নি তাহলে পরীক্ষার্থীরা কেনো ঢুকতে পারবে না?

কুমিল্লা থেকে ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে এসেছিলেন শাউলিনা। তিনি গণমাধ্যমকে বলেন, আমি ঠিক ৯টা ৩১ মিনিটে গেটের সামনে ছিলাম। বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে। মূল গেটের দেয়াল টপকিয়ে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার রিকোয়েস্ট করার পরও ঢুকতে দেননি। এটাই হয়তো আমার শেষ বিসিএস। আমার কাছে আমার পরিবারের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটাই দিতে পারলাম না। জানি না এখন আমার কী করা উচিত। এই মুখ নিয়ে আমি বাসায় যাব কী করে?