পয়েন্ট পেলেই লিগ পিএসজির

ফ্রেঞ্চ লিগে টানা তৃতীয় এবং সব মিলিয়ে ১২তম শিরোপা জয়ের জন্য আর ১ পয়েন্ট দরকার পিএসজির। আজ ফরাসি লিগে পিএসজি খেলবে লে হার্ভের বিপক্ষে, এই ম্যাচে হার এড়াতে পারলেই শিরোপা জিতবেন কিলিয়ান এমবাপ্পে-ওসমান দেম্বেলেরা।

৩০ ম্যাচে পিএসজির পয়েন্ট ৬৯। দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ৫৮। অর্থাৎ ১১ পয়েন্টের পার্থক্য। আজ ১ পয়েন্ট পেলে সেটা দাঁড়াবে ১২-তে। ১৮ দলের ফ্রেঞ্চ লিগে মৌসুমে ৩৪টি করে ম্যাচ হয়। এরপর মোনাকো তাদের সব ম্যাচ জিতলে আর পিএসজি হারলেও ১২ পয়েন্টের পার্থক্য ঘুচবে না। আর ফ্রেঞ্চ লিগে পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হয় গোল ব্যবধান। মোনাকোর (+১৮) চেয়ে গোল ব্যবধানে অনেকটা এগিয়ে পিএসজি (+৪৭)। আজ পিএসজি হারলেও রবিবার শিরোপা উৎসব করার সুযোগ থাকছে প্যারিসের দলটির। যদি রবিবার মোনাকো তাদের পরবর্তী ম্যাচে পয়েন্ট হারায় তাহলেও শিরোপা উৎসব করবে পিএসজি।

আজ পিএসজি-হার্ভে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। লে হার্ভে আছে রেলিগেশন জোনে। ৩০ ম্যাচে ২৮ পয়েন্টে ১৬ নম্বরে তারা। লিগে সবশেষ দুই ম্যাচে হেরেছে। পিএসজির সঙ্গে মৌসুমে প্রথম দেখায় ২-০ গোলে হেরেছিল লে হার্ভে। 

এরপর পিএসজির পরবর্তী দুই ম্যাচ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দুই লেগ। সেমির আগেই লিগ শিরোপা নিশ্চিত করতে চাইবে প্যারিসের ক্লাবটি। আগামী বুধবার ডর্টমুন্ডের মাঠে সেমির প্রথম লেগ। তাই আজ হার্ভের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পেসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন কোচ লুইস এনরিকে। বদলি খেলোয়াড় হিসেবেও নামতে পারেন এমবাপ্পে।