প্রিমিয়ার লিগের আর্থিক নিয়মভঙ্গের কঠিন অভিযোগ, প্রতিপক্ষ সমর্থকদের ‘চোর’ সম্বোধন করে স্লোগান আর ট্রফি কেড়ে নেওয়ার গুঞ্জনের মাঝেই চ্যাম্পিয়নস লিগের বড় পরীক্ষায় নামছে ম্যানচেস্টার সিটি। গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে সিটিজেনরা।
তবে এমন থমথমে পরিস্থিতিতেও ইংলিশ জায়ান্টদের পাশেই দাঁড়াচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে। মাঠের বাইরের জটিল হিসাব-নিকাশ ভুলে সিটি কর্তৃপক্ষের শাস্তিমুক্তির আশা প্রকাশ করে তিনি মন্তব্য করেছেন, মাঠের জয় করা ট্রফি মাঠেই থেকে যাওয়া উচিত।
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়ম ও ভুয়া বাণিজ্যিক চুক্তির মাধ্যমে প্রায় ৯০০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ গোপন করার অভিযোগে বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে রয়েছে পেপ গার্দিওলার সাবেক ও এনজো মারেস্কার বর্তমান শিষ্যরা। যদিও সিটি শুরু থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করেছে, তবুও লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয়ের পর প্রতিপক্ষ সমর্থকদের দুয়ো ও ‘নিচে নেমে যাও’ স্লোগানের মুখে পড়তে হয়েছে তাদের।
ঠিক এমন উত্তপ্ত পরিস্থিতিতে পিএসজি বস এনরিকে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সিটির প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, ‘এমন খবর শুনলে প্রথমত যে কেউ চমকে যাবে, তবে আমাদের এই পুরো প্রক্রিয়াকে সম্মান করতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমি যদি কেবল ফুটবলের কথা বলি এবং মাঠে যা দেখেছি তা বিবেচনা করি, তবে বলব, ম্যানচেস্টার সিটি এই ট্রফিগুলোর পুরোপুরি প্রাপ্য।’
সিটির আক্রমণাত্মক ফুটবলশৈলীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে পিএসজি কোচ আরও বলেন, ‘তারা যেভাবে ফুটবল খেলে আমি তা ভালোবাসি। দিনশেষে মাঠের জয় করা ট্রফিগুলো মাঠেই থেকে যায়, এগুলো তাদেরই প্রাপ্য। আমি আশা করি তারা এই বড় ধরনের শাস্তি থেকে রক্ষা পাবে।’
এদিকে মাঠের বাইরে সিটির এই কঠিন সময়ে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে দলটির সমর্থকদের, এমনটাই মনে করেন ক্লাবটির বর্তমান ম্যানেজার এনজো মারেস্কা। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ভক্তদের কষ্ট নিয়ে তিনি বলেন, ‘ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে সময় কাটানোর সময় মনে হয়েছে, খেলোয়াড় বা আমার চেয়ে ভক্তদের জন্যই সময়টা সম্ভবত সবচেয়ে বেশি কঠিন ছিল। অন্য কোনো ক্লাবের সমর্থকরা যখন তাদের 'চিটার বা চোর' বলে সম্বোধন করে, তখন সমর্থকদের জন্য তা মেনে নেওয়া অত্যন্ত জটিল।’
সিটির ডিফেন্ডার রুবেন দিয়াজও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাইরের কোনো গুঞ্জন বা সমালোচনাকে ড্রেসিংরুমে ঢুকতে দিচ্ছেন না তারা; বরং পুরোপুরি মনোযোগ রয়েছে মাঠের লড়াইয়ে।
ইউরোপের এই দুই পরাশক্তি এর আগে সব মিলিয়ে ৮ বার মুখোমুখি হয়েছে, যেখানে ৪টি জয় নিয়ে এগিয়ে রয়েছে সিটি আর পিএসজির জয় ২টি ম্যাচে, বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। এর মধ্যে সবশেষ দেখায় ২০২৪/২৫ মৌসুমের গ্রুপপর্বে সিটিকে ৪-২ ব্যবধানে হারিয়েছিল ফরাসি জায়ান্টরা।
ইন্তারকে ধসানো কে এই ট্রিসোলডি? যাকে চেয়েছিল বার্সাও
আতলেতিকোর কাছে হারের পর ইউনাইটেড কর্তাদের ধুয়ে দিলেন লিসান্দ্রো