রামপালে ট্রাকের চাপায় ভ্যানের ৩ আরোহী নিহত 

বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন— বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামের একলাছ মোড়লের ছেলে আজাদ মোড়ল (৩২), একই গ্রামের রাজ্জাক মোড়েলের ছেলে সাঈদ মোড়ল (৪০) এবং একই উপজেলার কুমলাই গ্রামের মকবুল মল্লিকের ছেলে মনি মল্লিক।

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লাবনী পাল বলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যানের মোড়ে ট্রাক দুর্ঘটনায় আহত তিনজনকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়। তিনজনকেই আমরা মৃত অবস্থায় পেয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

রামপাল থানার ওসি সোমেন দাশ বলেন, শনিবার সকালে খুলনা থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা তিন আরোহীর মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তারা ভ্যানে করে স্থানীয় ভাগা এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।