উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

আসন্ন উপজেলা নির্বাচন দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়ায় আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন ময়মনসিংহ উত্তর জেলার হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আব্দুল হামিদ। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছেন। শেরপুরের শ্রীবরদী উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা (সোনাহার)। তিনি ২ নম্বর পৌর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। অপর একজন হলেন চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী। তিনি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

এর আগে শুক্রবার ভোট বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ৭৫ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ২৮ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ২১ জন।