বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ইন্টার মায়ামির মুখোমুখি হবে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাব। ধারণা করা হচ্ছে, নিউ ইংল্যান্ডের মাঠে এই ম্যাচ উপভোগ করতে উপস্থিত থাকতে পারেন প্রায় ৬০ হাজার দর্শক।
এই ম্যাচকে ঘিরে আগ্রহের মূল কারণ যে লিওনেল মেসি, তা না বললেও চলবে।
প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও দেখা যায় মেসির বিপক্ষে খেলতে পেরে উচ্ছাস প্রকাশ করতে। অনেকে তো ম্যাচের পর ছবিও তোলেন মেসির সঙ্গে।
তবে নিউ ইংল্যান্ডের খেলোয়াড়দের মেসি প্রীতি করলে চলবে না। মেসিতে মুগ্ধ হলে বিপদে পরতে হবে তাদের। আর এমনটি হবে নিউ ইংল্যান্ড কোচ কালেব পর্টারের কারণেই।
যেসব খেলোয়াড়ের মেসির প্রতি মুগ্ধতা আছে, তাদের মায়ামির বিপক্ষে একাদশে না রাখার ঘোষণা দিয়েছেন পর্টার।
নিউ ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে অবশ্য মেসি ও লুইস সুয়ারেজের খেলা নিয়ে সংশয় ছিল। কৃত্রিম টার্ফে ম্যাচ হবে তাই মেসি-সুয়ারেজদের না খেলানোর একটা শঙ্কা ছিল। তবে মার্তিনো জানিয়েছেন, দলের সবাই যারা সুস্থ আছেন খেলার জন্য প্রস্তুত আছেন।
নিউ ইংল্যান্ড কোচ কোচ পর্টার বলেছেন, ‘তারা (খেলোয়াড়রা) যদি মুগ্ধতায় আচ্ছন্ন থাকে, তবে তাদের সেখানে থাকার দরকার নেই। আমাদের লিগে আপনি প্রতি সপ্তাহে কারও না কারও প্রতি মুগ্ধ হতে পারেন। আমাদের লিগে অনেক বড় মাপের খেলোয়াড় আছে। ব্যাপারটা অনেকটা এটা বলার মতো যে আপনি যদি লেব্রন জেমসের বিপক্ষে এনবিএতে খেলেন তবে কি তার প্রতি আপনি মুগ্ধ হয়ে থাকবেন? যদি আপনি হন, আপনার খেলার দরকার নেই। যাদের মুগ্ধ হওয়ার সম্ভাবনা আছে, আমি তাদের কাউকে একাদশে না রাখার চেষ্টা করবো।’