চট্টগ্রামে অবৈধ মজুদকৃত ৬০০ বস্তা চিনি উদ্ধার

চট্টগ্রামে নগরের বহদ্দারহাট এলাকার একটি কাঠের কারখানা থেকে অবৈধ মজুদ করা ৬০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দ চিনি মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের লগো লাগানো বস্তায় মজুদ করা হয়।

এ ব্যাপারে কারখানা মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছে আদালত। অবৈধ চিনি জব্দের পাশাপাশি গুদাম মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই অভিযান চালান। তিনি দেশ রুপান্তরকে জানান, ৩০ টন ভারতীয় চিনি ফ্রেশ কম্পানির নামে প্যাকেট করে এখানে মজুদ করা হয়। যা কয়েকদিনের মধ্যে বাজারে ছাড়া হতো।

তবে গুদাম মালিক আব্দুর রব্বানীর দাবি, কাঠ ব্যবসায়ী সমিতি সাবেক নেতা জাহিদ বিন জয়নাল গুদামটি ভাড়া নেন। তিনি গত বৃহস্পতিবার এসব চিনি মজুদ করেন। তবে চিনিগুলো কোথা থেকে কীভাবে ভারত থেকে এসেছে তার কোনো কাগজপত্র দেখাতে পারেননি গুদাম মালিক।