নাটোর চিনিকলে ১৩ নভেম্বর আখ মাড়াই শুরু

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পিএম

আগামী ১৩ নভেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান। বাসস জানায়, এর অংশ হিসেবে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আখ মাড়াই কার্যক্রমের প্রস্তুতি হিসেবে চিনিকলের বয়লার ফায়ারিং অনুষ্ঠিত হয়।

মো. আখলাছুর রহমান জানান, আখ মাড়াই প্রস্তুতি হিসেবে শুক্রবার জুম্মার নামাজের শেষে দোয়া মাহফিলের মাধ্যমে বয়লার ফায়ারিং অনুষ্ঠিত হয়েছে। এ আগুনের বাষ্পেই পুরো মৌসুমের আখ মাড়াই কার্যক্রম চলবে। আনুষ্ঠানিক উৎপাদন শুরু করার আগে ওয়াটার ট্রায়ালও অনুষ্ঠিত হবে।

নাটোর চিনিকলের কার্যালয় সূত্রে জানায়, চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৫৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ৬ দশমিক ২ শতাংশ। ৬৫ মাড়াই দিবস কার্যক্রম চলবে।

আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আখের মূল্য কুইন্টাল প্রতি ২৬ টাকা বৃদ্ধি করেছে। চিনিকলের গেটে প্রতি কুইন্টাল আখের ক্রয় মূল্য ৬৫১ টাকা এবং সেন্টারগুলোতে ৬৩৭ টাকা ৪৬ পয়সা।

এবার চিনিকল এলাকায় সাতহাজার ২৫০ একর জমিতে আখ আবাদ করা হয়েছে। চারহাজার ৬৯ জন আখচাষীকে সরকার উন্নত পদ্ধতিতে আগাম আখ চাষের জন্যে এককোটি ৪৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রদান করেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত